অন্ধের দেশে

অন্ধের দেশে

অন্ধের দেশে বাড়ি আমার
বিবেকখানি বন্ধ
চোখ কান সব সুস্থ আছে
মগজে দুর্গন্ধ!

দেখে শুনে চুপটি থাকি
বোবা কালার মত
মাথায় জমা বারুদ সমান
রাগ আর ক্ষোভ যত।

কাগজ কলম লেখালেখি
বৃথা চেষ্টা করা
অন্ধকারের বদ্ধ জীবন
বেঁচে থেকেও মরা।

সভ্য সমাজ সভ্য মানুষ
সভ্য যত ঢং
সাধুর বেশে ঘুরছে সবাই
ধরছে কত ভং!

মানুষ মরে মানুষ পঁচে
মশা মাছির মত
কারণ ধরন উদাহরণ
দেখছি শত শত।

মিথ্যার হাতে শপথ গ্রহণ
সত্য করে নাশ
সত্য মিথ্যার গ্যাঁড়াকলে
চলছে সর্বনাশ !

আলোর পথে দখলদারি
ভন্ড গুরুর দল
ঘৃণার চোখ আর মধুর বচন
এইটুকুই সম্বল।

পাপ পূণ্য বোঝাই জাহাজ
লোভের ভারে ন্যুজ
ভয়ের নামে ধোঁকা বাজি
অন্তর ভরা পূঁজ !

ধূর্ত স্বভাব ভেজা বেড়াল
চাপা হিংস্র রূপ
সুযোগ বুঝে আঘাত করা
ছাইয়ের নিচে ধূঁপ!

চলছে খেলা ভাসছে ভেলা
রক্ত গঙ্গার পরে
জীবন কেন তুচ্ছ এমন
অনুভূতির তরে!?

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *