এই মেয়ে শুন–।
কবিতা-: এই মেয়ে শুন–।
তাছলিমা আক্তার
03/05/2021
এই মেয়ে তোমাকে বলছি শুন,এইবার অন্তত
আড়মোড়া ভেঙে জেগে উঠ তুমি
আর কতকাল তুমি ধুঁকে মরবে পঁচা নর্দমায়
নিজেকে এবার ভালোবাসতে শেখ।
তোমার তরে কেউ বিছিয়ে রাখেনি লাল গালিচা
বড্ড কঠিন এই অনিশ্চিত চলমান জীবন
তুমি কেন হবে কারোর চোখে শরাবের পেয়ালা?
নিজের মূল্যটুকু অন্তত বুঝতে শেখ ললনা।
লোলুপ শিকারির আহার তোমার দেহের সৌন্দর্য
মনকে ছুঁয়ে দেখতে চায় না ওরা
তুমি কেন সঁপে দিতে উন্মুখ থাক কদর্য থাবার নিচে
তোমার অসামান্য সুকুমার সত্বাটাকে?
সংকুচিত মনের আগল খুলে বেরিয়ে এস এবার
উপলব্ধিতে অনুভব কর তোমার সৌন্দর্য
সৃষ্টির আদি থেকেই তোমাকে দমিয়ে রাখার প্রয়াস
রুখে দিতে না পারলেও,এগুতে দিও না আর।
নিজের জন্য সাজ মেয়ে ,অন্য কারোর জন্য নয়
তোমার রূপের পেলব মাধুরী দেখ
মনকে সাজাও তোমার পূর্ণ রূপের সরল মাধুর্য্যে
নিজেকে খুঁজতে যেও না কারোর আয়নাতে।
তোমার অসীম সৌন্দর্যকে উপভোগ কর মেয়ে
হৃদয়ের অলিগলি ছুঁয়ে দেখ একটিবার
সমস্ত ধরা তোমার জন্য ব্যাকুল কেন বল তো?
কারণ, তুমিই সৃষ্টির অপার সৌন্দর্যের বাহার।
